
মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলার বৃহত্তর মোকাম বুধহাটা বাজারে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকটে রান্নার কাজে গ্যাস ব্যবহারকারীরা চরম ভোগান্তিতে পড়েছে। ক্রেতারা গ্যাস সিলেন্ডার নিতে বিভিন্ন দোকানে দোকানে গিয়ে না পেয়ে শূন্যহাতে বাড়ি ফিরছেন।
বুধহাটা বাজারসহ আশপাশের অর্ধ শতাধিক দোকানে এলপিজি গ্যাস সিলেন্ডার বিক্রয় করা হয়ে থাকে। প্রতিদিন অসংখ্য গ্যাস সিলেন্ডার বিক্রয় হয়ে থাকে এসব দোকান থেকে। এলাকার মানুষের মধ্যে গ্যাসের চুলায় রান্না ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বর্ষা মৌসুমে গ্যাসের ব্যবহার বেশ বেড়ে গেছে। আশাশুনিতে কোন ডিলার নেই, সাতক্ষীরার ডিলারদের থেকে এসব দোকানে সিলেন্ডার সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু বেশ কিছুদিন যাবৎ ডিলাররা ঠিকমত গ্যাস সিলেন্ডার সরবরাহ করছেন না। বিশেষ করে বসুন্ধরা, যমুনা, ওরিয়ন কোম্পানীর গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। অন্যান্য কোম্পানীর গ্যাস সরবরাহ থাকলেও খুবই সীমিত। একারণে ডিলার পর্যায়ে সিলিন্ডার প্রতি কখনো কখনো ১০০ শতাধিক টাকা করে বেশী মূল্য হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। বর্তমানে বাজার ও সংলগ্ন এলাকায় কোন গ্যাস না থাকায় চরম বিপাকে রয়েছেন ব্যবহারকারীরা।
বুধহাটা বাজারের ডায়মন্ড ইলেক্ট্রনিক্স, মা এলোমনিয়াম, বিসমিল্লাহ ফার্নিচারসহ অনেক গ্যাস বিক্রেতার সাথে কথা বললে বসুন্ধরা, যমুনা ও ওরিয়ন সরবরাহ নেই এবং অন্যান্য গ্যাস বর্তমানে মার্কেট শূন্য বলে জানান। ব্যবসায়ী, ব্যবহারকারী ও সচেতন অনেকে জানান, ডিলাররা সিন্ডিকেট করে গ্যাসের সরবরাহ কমিয়ে দিচ্ছে এবং বন্ধ করে দিচ্ছে। ফলে মাঝে মধ্যে বেশী দামে কোন কোন কোম্পানীর মাল সীমিত আকারে সরবরাহ করছে। বুসন্ধরা, যমুনা ও ওরিয়ন সিলেন্ডার প্রতি ১০০ টাকা বেশী নিলেও এখন সরবরাহ নেই। ভোক্তা অধিকার, উপজেলা-জেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।