
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্য বিয়ে পরিয়ে নতুন বউ নিয়ে বাড়ি ফেরা হলো না বরের। তারা ভেবে ছিলো সাজাবে নতুন সংসার কিন্তু কাল হয়ে দাঁড়ায় বাল্য বিয়ে, বর ও বরের নানাসহ ২ জনকে যেতে হলো কারাগারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের জনৈক তোরাপ আলীর সপ্তম শ্রেনিতে পড়ুয়া কন্যাকে বঙ্গ সোনাহাট ইউনিয়নের ভরতেরছড়া গ্রামের আব্দুল কাদেরের পুত্র ইসমাইল হোসেন (১৯) এর সাথে বিয়ের আয়োজন করে। এমন একটি সংবাদ পেয়ে বাল্য বিয়ে বন্ধের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে মুঠো ফোনে জানিয়ে দেয় ঐ এলাকার সচেতন এলাকাবাসি।
অপর দিকে দ্রুত বিয়ে পড়িয়ে মেয়ের বাড়ি ত্যাগ করে বর যাত্রী। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা পুলিশসহ ঘটনাস্থলে যাওয়ার পথে কুড়ারপাড় নামক জায়গা থেকে বর ও তার নানাকে আটক করে নিয়ে আসে। সেই সাথে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে শ্বশুরবাড়িতে না পাঠানোর শর্ত দিয়ে মেয়েকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় প্রশাসন। পরে ঐ রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বর ইসমাইল হোসেন ও তার অভিভাবক (নানা) ফকির বাদশাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা জানান, বাল্য বিয়ের খবর পেয়ে পুলিশসহ আমি ঘটনাস্থল গিয়ে বর ও বরের নানাকে আটক করে নিয়ে আসি। তারা বাল্য বিয়ে পড়িয়ে দোষ করেছে এটি স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ জনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)