
দেশের উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শুরু হয়েছে দুদিনব্যাপী কাঞ্চনজঙ্ঘা পালাটিয়া উৎসব।
শনিবার (৭ জানুয়ারি) সকালে শোভাযাত্রা, বজ্রপ্রাণ মেডিটেশন এবং প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। মহানন্দা নদীর তীরে মহানন্দা পার্কে এই উৎসব আয়োজন করেছে পঞ্চগড়ের নাট্যদল ভূমিজ।
সকালে উৎসবস্থল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। তেঁতুলিয়া ডাকবাংলোতে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। পরে মুক্তিযুদ্ধ জাদুঘর চত্বরে বজ্রপ্রাণ মেডিটেশন অনুষ্ঠিত হয়। মেডিটেশন পরিচালনা করেন বিশ্বখ্যাত সুপার হিউম্যান সিদ্ধাচার্য ইউরি বজ্রমুণি।
উৎসবে শনিবার সন্ধ্যায় মঞ্চস্থ হবে ভূমিজের নাটক ‘পাখিদের বৈঠক’। নাটকটি রচনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন সরকার হায়দার।
আগামীকাল রোববার (৮ জানুয়ারি) রচনা, চিত্রাঙ্কন, ফটোগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাতে মঞ্চস্থ হবে স্থানীয় লোকনাট্য পালাটিয়ার ‘সত্যপীর’।
‘আনন্দ আনন্দ এবং আনন্দ’ এই প্রতিপাদ্য নিয়ে এই উৎসব ঘিরে তেঁতুলিয়ায় সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)