
নড়াইলে নিখোঁজের ৬ দিন পর ইয়াসিন মোল্যা (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ইয়াসিন নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার বিল্লাল মোল্যার ছেলে। রোববার (২২ জানুয়ারি) দুপুরে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া ঈদগার পাশের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ইয়াসিন গত ১৬ জানুয়ারি রাতে বন্ধুদের সাথে মেলায় যাওয়ার কথা বলে রাত ১১ টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে আত্মীয় স্বজনসহ বিভিন্নস্থানে খুঁজেও তার সন্ধান না পাওয়ায় তার বোন শিরিনা খানম সদর থানায় সাধারন ডায়েরি করেন।
পুলিশ জানায়, রোববার দুপুরে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া গ্রামের বিলে খেজুর পাতা দিয়ে ঢাকা একটি লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে নড়াইল সদর থানা পুলিশের একটি দল লাশ উদ্ধার করেন। পরে নিখোঁজ ইয়াসিন মোল্যার পরিবারের লোকজন গিয়ে লাশটি চিহ্নিত করে।
নিখোঁজ ইয়াছিন মোল্যার বোন শিরিনা খানম বলেন, মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সাথে মেলায় যাওয়ার কথা বলে গত ১৬ জানুয়ারি রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমরা বিভিন্ন যায়গায় খোঁজ-খবর নিয়েও তার সন্ধান পায়নি। পরে সদর থানায় ডায়েরি করা হয়। রোববার দুপুরে থানা পুলিশের মাধ্যমে লাশ পাওয়ার বিষয়টি জানতে পেরে সেখানে গিয়ে লাশ সনাক্ত করি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারন জানা যাবে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)