
ভাঙাড়ি মালের হকার সেজে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে কুমারখালী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে পাবনা সদর উপজেলার রাধাকান্তপুর এলাকা থেকে তাদের কে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন পুলিশ। গ্রেপ্তার ডাকাতরা হলেন—মো. রাকিবুল ইসলাম (২৬) ও মো. সেলিম রেজা (৩৪)। তারা দুজনেই পাবনা সদর উপজেলার রাধাকান্তপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, অস্ত্র নিয়ে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাত চক্রের ৮ জন সদস্য গত ১৬ জানুয়ারি রাতে উপজেলার চর সাদিপুর ইউনিয়নের চর ভবানীপুর গ্রামের গরু ব্যবসায়ী আরব আলীর বাড়িতে প্রবেশ করেন। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা ওই ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা নিয়ে মাইক্রোবাসে করে পালানোর চেষ্টা করে। ওই সময় ডাকাতের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করলে ডাকাত দলের মনিরুল ইসলাম নামের একজনকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী মনিরুলকে মারধর করে পুলিশে সোপর্দ করে।
ঘটনার পরদিন শুক্রবার (১৭ই মার্চ) ওই ব্যবসায়ী চারজন অজ্ঞাতপরিচয়ে আসামি সহ আটজনের নামে কুমারখালী থানায় মামলা করেন। মামলায় মনিরুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, মনিরুলের দেওয়া তথ্যানুসারে ভাঙাড়ির মালের হকার সেজে অভিযান চালিয়ে রাকিবুল ও সেলিম রেজাকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিদের কে আদালতে প্রেরণ করা হয়েছে। কুমারখালী থানার ওসি মোঃ মোহসীন হোসাইন বলেন, পুলিশের একজন এস.আই হকার ছদ্মবেশে ডাকাতদলের এক সদস্যকে নজরদারিতে রাখেন। পরে ফোর্স নিয়ে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠান। চক্রটি কুষ্টিয়া, মেহেরপুর ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে। আসামিরা ডাকাতির ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন বলে জানা যায়।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)