
নেত্রকোনা পূর্বধলায় পিক পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক মো. আব্দুল মোতালেব (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পর এলাকাবাসী পিকআপ ও এর চালক আশিকুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সোমবার বিকেল ৩টার দিকে পূর্বধলা উপজেলার নারায়ণডহর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মোতালেব উপজেলার সিন্দুয়াটিয়া গ্রামের বাসিন্দা। তিনি তাবলীগ জামাতের আমির ছিলেন।
বাড়ির কাছে নারায়ণডহর বাজার মসজিদ সংলগ্ন বাল্ব, গ্যাস ম্যাচ ইত্যাদি মেরামতের কাজ করতেন মোতালেব। আর আটক পিকআপ চালক আশিকুর রহমান (২৫) জেলা শহরের পারলা এলাকার হেলাল মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণডহর বাজার মসজিদ সংলগ্ন বাল্ব, গ্যাস ম্যাচ ইত্যাদি মেরামতের কাজ করতেন আব্দুল মোতালেব। নিজের গাছের বেশ কয়েকটি লেবু নারায়ণডহর বাজারে বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হন। বাড়ির রাস্তা দিয়ে প্রধান সড়কের প্রবেশের সময় নেত্রকোনাগামী গ্যাস সিলিন্ডার ভর্তি দ্রুতগতির পিকআপটি তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে প্রায় দুইশো গজ দূরে টেনে হেঁচড়ে নিয়ে যায় মোটরসাইকেলটি। এতে মোতালেবের মাথা ও পেট কেটে যায় এবং পা ভেঙে যায়। ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর এলাকাবাসী পিকআপ ও এর চালক আশিকুরকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে চালক ও পিকআপটি থানায় নিয়ে আসে। অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্নের পাশাপাশি এ ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা হবে বলেও জানান তিনি।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)