
রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনায় উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবি। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৬৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে ৩ প্লাটুন সাধারণ আনসার ছাড়াও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ১ প্লাটুন আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণ ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করতে কাজ করছে।
এ ছাড়াও রাত সাড়ে ১২টা পর্যন্ত আগুন পুরোপুরি নিন্ত্রয়ণে না আসায় উদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও।
জানা গেছে, আগুন দেখতে পেয়ে তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হয়েছেন অনেকে। আহতদের অনেকেই আবার নিজেরা বিভিন্নভাবে লাফিয়ে নেমেছেন। তাদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনার সময় ভবন থেকে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ৮টি ইউনিট পৌঁছায়।
পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়ে মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)