
মোঃ সালাউদ্দিন শেখ,বিশেষ প্রতিনিধি গোপালগঞ্জ জেলা
মোটরসাইকেলের ধাক্কায় রনজিত কুমার বাড়ৈ (গামা) (৬৮) নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মান্দারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনজিত কুমার বাড়ৈ (গামা) ছিলেন গোপালগঞ্জ শেখ ফজলুল করিম সেলিম ল কলেজের প্রিন্সিপাল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে নিজের প্রতিষ্ঠিত শেখ ফজলুল করিম সেলিম ল কলেজ ক্যাম্পাস পরিদর্শন শেষে ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ পৌরসভার মান্দারতলা এলাকায় অজ্ঞাত মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে তার স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার উদ্দেশ্য রওনা হয়। রাত সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে পৌঁছানোর পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।










