
মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতার জেরে মানিক সরদার (৩৮) নামে এক কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা বাজারের ব্রিজের পশ্চিম পাশে এই ঘটনা ঘটে। মানিক সরদার পেশায় কাপড় ব্যবসায়ী। তিনি কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগরের মোঃ আলমগীর সরদারের ছেলে ও কালকিনি উপজেলা কৃষকলীগের কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তার স্বজন ও এলাকাবাসী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালকিনির ফাসিয়াতলা বাজারে কাপড়ের ব্যবসা করতেন মানিক। কালকিনি থানা চত্বর এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সদস্যদের নিয়ে থাকেন। দোকান বন্ধ করে ফাসিয়াতলা বাজার থেকে রাত সাড়ে ৮ টার দিকে তিনি মোটরসাইকেলে কালকিনি তার বাসার দিকে যাচ্ছিলেন।
ফাসিয়াতলা বাজারের ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে তার উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুঁপিয়ে তাকে জখম করে। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়ভাবে পূর্বের থেকে আলিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের শত্রুতা চলে আসছিল বলে জানায় ভুক্তভোগী পরিবার।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পরিদর্শন করি, তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেয়া হবে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)