
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। উপজেলার ৮টি ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত মোট ৬১ জন ইউনিয়ন পরিষদ সদস্য ও সদস্যা বিএনপিতে যোগদান করেছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাতে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি'র সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুলের বাসভবনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগদানের ঘোষনা দেন। পরে অনুষ্ঠানে নবাগত সদস্যরা ফুলের তোড়া ও ধানের শীষের প্রতীক দিয়ে রোকন উদ্দিন বাবুলের হাতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন
সারপুকুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবু সাঈদ, নুরুন্নবী ও রমণীকান্ত; ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আনিসুর রহমান ও মোফাজ্জল হোসেন; কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুর রহমান, সহিদ মিয়া, গোলাপ হোসেন, লাকি বেগম ও ময়না রানী; সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুল ইসলামসহ উপজেলার আটটি ইউনিয়নের অন্যান্য ইউপি সদস্য ও সদস্যাগণ।
যোগদান অনুষ্ঠানে বক্তব্যে বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল বলেন, “বিগত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করতে পারেনি। উন্নয়নের নামে হয়েছে লুটপাট, দুর্নীতি ও স্বজনপ্রীতি।” তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে নির্বাচিত হতে পারলে এ অঞ্চলের রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন করা হবে। আজ আপনাদের পাশে পেয়ে আমি গর্বিত ও অনুপ্রাণিত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে কাজ করতে হবে। জনগণের ভোটে বিজয় অর্জনের মাধ্যমে এ এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা একসঙ্গে কাজ করব। অনুষ্ঠানে বিএনপি'র স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ সমর্থিত জনপ্রতিনিধিদের এই দলবদল কালীগঞ্জ-আদিতমারী আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)