
ইতি খানম,নরসিংদী জেলা প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা পুলিশ নরসিংদী, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে উপস্থিত সবাই কিছুক্ষণ নীরবতা পালন করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, ভাষা শহীদদের ত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতি তার আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার শক্তি পেয়েছে। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। মহান শহীদ দিবস উপলক্ষে নরসিংদীতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।





