
সরকার ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের তথ্য জানান। সকালেই সচিবালয়ে বৈঠক শুরু হয়, যার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি নতুন সরকারের আনুষ্ঠানিক প্রথম মন্ত্রিপরিষদ বৈঠক।
নাসিমুল গনি বলেন, “সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে। মূল লক্ষ্য হলো দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা।”
বাংলাদেশ ব্যাংক–এর তথ্যমতে, সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কৃষকদের কাছে সুদসহ পাওনা প্রায় ১,৫৫০ কোটি টাকা, যা এই মওকুফের আওতাভুক্ত হবে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)