
সংসদে বিরোধী দলের ওয়াকআউট করার অধিকার থাকলেও প্রথম অধিবেশনের দিন এটি এড়িয়ে যাওয়া যেত বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ। একইসঙ্গে সংসদ অধিবেশনে স্লোগান দেওয়াকে সংসদীয় রেওয়াজ বহির্ভূত কাজ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি এবং বিরোধী দল তাদের অধিকার থেকে এটি করতে পারে। তবে আমার মনে হয়, প্রথম অধিবেশনের দিন এমনটি না করলেও হতো।
সংসদে শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, সংসদের ভেতর স্লোগান দেওয়া কোনোভাবেই ঠিক নয়। এটি সংসদীয় রেওয়াজের বাইরে। আমি আশা করি, বিরোধী দল ভবিষ্যতে এমন কিছু করবে না যা সংসদের মর্যাদা ও ঐতিহ্যের পরিপন্থী হয়।
বিগত নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র চর্চার যে নতুন সুযোগ তৈরি হয়েছে, তার সর্বাত্মক ব্যবহারের অঙ্গীকার ব্যক্ত করেন স্পিকার। তিনি বলেন, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সংসদকে কার্যকর করতে সরকারি ও বিরোধী উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তবে রাষ্ট্রপতি সংক্রান্ত কোনো বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
শুক্রবার (১৩ মার্চ) সকালে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এসময় তার সঙ্গে ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে (স্মারক বই) স্বাক্ষর করেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)