
মাদারীপুরের কালকিনিতে ইজিবাইক ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ঘন্টাব্যাপী কালকিনি-ভুরঘাটা সড়ক অবরোধ করেছে কলেজ শিক্ষার্থী ও সাধারণ জনগণ। বৃহস্পতিবার(৩১ মার্চ) সকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের শিক্ষার্থী ও সাধারণ জনগণের উদ্যোগে কালকিনি প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীরা জানান, কালকিনি থানার মোড় থেকে ভুরঘাটা বাসস্টান্ড পর্যন্ত যেতে ইজিবাইক ভাড়া ছিল প্রত্যেক যাত্রী প্রতি ১০ টাকা করে। আর থানার মোড় থেকে কলেজ পর্যন্ত এবং ভুরঘাটা থেকে কলেজ পর্যন্ত প্রত্যেক যাত্রী প্রতি ভাড়া ছিল ৫ টাকা করে। কিন্তু বর্তমানে হঠাৎ করে ইজিবাইক-ভ্যানচালকরা সিন্ডিকেট করে থানার মোড় থেকে ভুরঘাটা পর্যন্ত প্রত্যেক যাত্রী প্রতি ১০ টাকার পরিবর্তে তারা ১৫ টাকা এবং থানার মোড় থেকে কলেজ পর্যন্ত এবং ভুরঘাটা থেকে কলেজ পর্যন্ত ৫টাকার পরিবর্তে ১০ টাকা করে ভাড়া উত্তোলন করছে। এতে করে চরম বিপাকে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ জনগণ। তাই এ অতিরিক্ত ভাড়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়।
শিক্ষার্থীরা বলেন, আমরা বেকার ছাত্র-ছাত্রী,আমাদের প্রত্যেকদিন স্কুল কলেজে যেতে হয়। ইজিবাইক ও ভ্যান চালকরা সিন্ডিকেট করে হঠাৎ অতিরিক্ত ভাড়া আদায় করছে আমাদের কাছ থেকে। আমরা অতিরিক্ত ভাড়া বন্ধের দাবি জানাই।ইতিপূর্বে এই ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আমরা মানববন্ধন করেছি। তাতে কোন সুরাহা না হওয়ায় আজ আমরা আবার বিক্ষোভ কর্মসূচি পালন করছি। এরপরও আমাদের দাবী না মানা হলে আমরা আরো কঠোর কর্মসূচি পালনে বাধ্য হব।
এ বিষয় জানতে চাইলে উপজেলা ইজিবাইক ইজারাদার বেলাল হোসেন জানান, ভাড়া বৃদ্ধির বিষয়ে তারা কিছু জানেন না। ইজিবাইক চালকেরা নিজেরাই এই অতিরিক্ত ভাড়া আদায় করছে। আমরা একসঙ্গে বসে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবো।
ঘন্টা ব্যাপি চলা এই বিক্ষোভের কারণে কালকিনি – ভুরঘাটা সড়কে প্রায় ১ কিলোমিটার রাস্তায় যানজট দেখা দেয়।
পরবর্তীতে কালকিনি থানার ওসি(তদন্ত) নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। পরে বিক্ষোভকারীরা আগামী ৫ এপ্রিলের ভিতর তাদের দাবী মেনে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানিয়ে তাদের কার্যক্রম স্তগিত করেন।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিল কালকিনি কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক মহিন হাওলাদার, শিক্ষার্থী মোঃ আহাদ হোসেন সরদার, আকাশ, নাইমুল হাসান নাহিদ, বি এম মুন্না, মোঃনাজিম উদ্দিন সহ অন্যান্য শিক্ষার্থীরা ও স্থানীয় জনগন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)