
চুয়াডাঙ্গায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংগঠনের জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. আহসান উল হক শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জিয়াউল হায়দার পলাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব সৈয়দ জাহীদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক এস. টি. আহম্মেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ডিপ্লোমা কৃষিবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করে কৃষি উৎপাদন ও প্রযুক্তি সম্প্রসারণে ডিপ্লোমা কৃষিবিদরা দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছেন।
বক্তারা কৃষির আধুনিকায়ন, কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং দেশের খাদ্য উৎপাদন আরও বাড়াতে ডিপ্লোমা কৃষিবিদদের দক্ষতা ও পেশাগত মর্যাদা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধভাবে দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সংগঠনের জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ডিপ্লোমা কৃষিবিদরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার মধ্য দিয়ে সংগঠনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)