
নোয়াখালীর বেগমগঞ্জে ১ হাজার ৩০ পিস ইয়াবাসহ আব্দুর রহমান মাফুজ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ দল।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে বেগমগঞ্জ উপজেলার করিমপুর বাজার এলাকায় ফেনী-চৌমুহনী মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালীর যৌথ অভিযানে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ আভিযানিক দল করিমপুর বাজারস্থ ফেনী-চৌমুহনী মহাসড়কের দক্ষিণ পাশে মনপুরা পর্দা হাউজের সামনে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি সন্দেহজনকভাবে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ১ হাজার ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আব্দুর রহমান মাফুজ চট্টগ্রামের আকবরশাহ থানার ছলিমপুর ইউনিয়নের লতিফপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম নুরুজ্জামান এবং মায়ের নাম কামরুন্নাহার।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাফুজ একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য বলে স্বীকার করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
র্যাব আরও জানায়, ওই চক্রের সদস্যরা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের চালান সংগ্রহ করে নোয়াখালীসহ আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে তারা এ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে দাবি র্যাবের।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)