
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল থেকে পাঁচটি ককটেলসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার দুইজন হলেন— আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯)। এসময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।
ওসি মো. দাউদ হোসেন বলেন, ‘দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন গলিতে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বের করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করে।’
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানান ওসি।
এ সময় মিছিলে অংশ নেওয়া আরাফাত ও আব্দুর রহিমকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ছিল জানিয়ে তিনি বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।‘
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)