
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইল ফোনে লুডু খেলার সময় ‘চাল’ ভুল হয়েছে বলায় রফিক মিয়া (৩৫) নামে এক যুবককে কিল-ঘুষি ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রফিক নিশ্চিন্তপুর গ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিন্তপুর গ্রামের শহিদ মাস্টারের বাগানবাড়িতে বসে সালমান ও বশির নামের দুই যুবক মোবাইল ফোনে লুডু খেলছিল। এ সময় সেখানে গিয়ে তাদের খেলা দেখছিল রফিক মিয়া। খেলা চলাকালে রফিক তাদের ‘চাল’ ভুল হচ্ছে বলে মন্তব্য করে। এ নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি ও বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় রফিক মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রফিককে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রফিকের বড় ভাই সফিক মিয়া জানান, বশির ও সালমান মোবাইল ফোনে লুডু খেলার সময় রফিক তাদের চালের ভুল ধরিয়ে দেয়। এ নিয়েই উত্তেজিত হয়ে তারা রফিককে এলোপাতাড়ি মারধর করে। পরে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোবাইল ফোনে লুডু খেলাকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে এক যুবক নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য তার লাশ-২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)