
পাবনার ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে পিকনিকের নৌকার ধাক্কায় পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হওয়া ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির মরদেহ ৩৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদীর চরকুড়ুলিয়া আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
চরকুড়ুলিয়া গ্রামের স্কুলশিক্ষক সেলিম রেজা জানান, রবিবার সকাল ৯টার দিকে আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে নৌ-পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের সঙ্গে ১২৩ জন যাত্রী বহনকারী পিকনিকের নৌকার ধাক্কা লাগে। এ সময় রাকিবুজ্জামান রকিসহ তিনজন নদীতে পড়ে নিখোঁজ হন। পরে মো. লিটন (৩৮) ও মো. ওয়াহাব (৪৫) নামে দুজনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন রকি।
পিকনিকের নৌকায় থাকা যাত্রীরা জানান, শুক্রবার সকালে কুষ্টিয়ার কাতলাগাড়ী গড়াই নদী থেকে পদ্মা নদীতে নৌকাযোগে পিকনিকে বের হন শতাধিক ভ্রমণকারী। পিকনিক শেষে রাতে ফেরার পথে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগে। এতে রকিসহ তিনজন নদীতে ছিটকে পড়েন।
দুর্ঘটনার পরপরই নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। অভিযানে দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও রকির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে নিখোঁজের প্রায় ৩৮ ঘণ্টা পর পদ্মার শাখা নদীতে ভেসে ওঠে তার মরদেহ।
রাকিবুজ্জামান রকি ঝিনাইদহ জেলার শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।
ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান জানান, ঈশ্বরদীর চরকুড়ুলিয়া গ্রামে পদ্মার শাখা নদীতে মরদেহ ভেসে থাকার খবর স্থানীয়রা মুঠোফোনে পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)