
চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৩টি চোরাই মোটরসাইকেল ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ধুম ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে প্রথমে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে করেরহাটের একটি বাইক গ্যারেজ থেকে আরও দুটি চোরাই মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো— মোঃ জামসেদ হোসেন প্রকাশ শুভ (২৩), মোঃ শরিফুল ইসলাম প্রকাশ জনি (২৬), সাইফুল ইসলাম প্রকাশ চাঁদ মিয়া (২০), আসিফ মাহমুদ প্রকাশ অভি (২৪), ইসমাইল হোসেন (১৮) এবং মোঃ মাশরাফি (২০)। তারা সবাই জোরারগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, চোর চক্রটি চোরাই মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে ধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একটি পাকা ঘরে অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ বিকেল ৩টা ৩০ মিনিটে সেখানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি ইয়ামাহা আর১৫ (R15) বাইক ও ৬টি মোবাইল উদ্ধার করা হয়।
পরবর্তীতে আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যানুযায়ী, রাত ১১টা ৩০ মিনিটে করেরহাট ইউপির 'করেরহাট বাইক ল্যাব' নামের একটি গ্যারেজে অভিযান চালিয়ে আরও ২টি (একটি হিরো ও একটি প্ল্যাটিনা) চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯/৪১১/৩৪ ধারায় মামলা (মামলা নং-২১) রুজু করা হয়েছে। চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)