
ঠাকুরগাঁও সদর উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে উত্তম রায় (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী কিশোরীর বাবার করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। উত্তম রায় উপজেলার কদু বর্মণের ছেলে। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তাঁর বাবা জীবিকার প্রয়োজনে ঢাকায় থাকেন। মা ও ভাই বাইরে কাজে গেলে আসামি বিভিন্ন সময় তাঁকে ভয়ভীতি দেখাতেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারের অভিযোগ অনুযায়ী, গত ৩০ জানুয়ারি দুপুরে বাড়ির কাছের একটি ভুট্টাখেতে কাজ করতে গেলে ধারালো অস্ত্র দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করেন উত্তম রায়। পরে গত ১৬ ফেব্রুয়ারি সকালে একইভাবে পাশের একটি পাটখেতে নিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ভয়ে কিশোরী দীর্ঘদিন পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়নি।
সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষায় সে সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে চাইলে কিশোরী ঘটনা জানায়। এরপর তাঁর বাবা থানায় লিখিত অভিযোগ করেন।
মামলার পর পুলিশ অভিযুক্ত উত্তম রায়কে গ্রেপ্তার করে। পরে শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)