
রাজধানীর যাত্রাবাড়ীর অন্যতম ব্যস্ত সড়ক ‘শহীদ ফারুক রোড’ এখন অবৈধ অটোরিকশা, ভ্যান ও হকারদের দখলে চলে গেছে। ফুটপাত ছাড়িয়ে মূল সড়কের বড় অংশ জুড়ে হকারদের অস্থায়ী দোকানপাট এবং সারিবদ্ধ অটোরিকশার অবস্থানের কারণে ব্যস্ততম এই সড়কে চরম যানজট ও জনভোগান্তি সৃষ্টি হচ্ছে।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সরেজমিনে শহীদ ফারুক রোড এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার দুই পাশে ফুটপাত পেরিয়ে মূল সড়কের অনেকটা অংশ জুড়ে বসানো হয়েছে চটপটি, ফুসকা, জামাকাপড় ও জুতার দোকানসহ নানা ধরনের খাবারের পসরা।
এছাড়া সড়কের মাঝেই যত্রতত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছে অসংখ্য ব্যাটারিচালিত ও পেডেলচালিত অটোরিকশা। এতে করে পথচারী ও সাধারণ যানবাহন চলাচলের স্বাভাবিক পথ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত এ সড়কে জটলা লেগে থাকে। বিশেষ করে সন্ধ্যার পর হকার ও অটোরিকশার দাপট বহুগুণ বেড়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পথচারী জানান, “ফুটপাত দিয়ে হাঁটার কোনো সুযোগ নেই। হকারদের ভিড় ঠেলে রাস্তায় নামলেই অটোরিকশার ধাক্কা খাওয়ার ভয় থাকে। প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করা চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।”
ব্যবসায়ী ও স্থানীয় সচেতন মহলের দাবি— নিয়মিত তদারকি ও কার্যকর তদারকির অভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শহীদ ফারুক রোডকে দখলমুক্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের উপযোগী করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ট্রাফিক পুলিশের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)