
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এক নারীকে মারধর ও শ্লীলতাহানি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) রাত ৯টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাছুয়াখালী গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। পরে আহত ওই নারীকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী নারীর স্বামী বশির গাজীর অভিযোগ, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না; একটি মাহফিলে যোগ দিতে গিয়েছিলেন। খবর পেয়ে বাড়িতে ফিরে লোকজনের ভিড় দেখতে পান। পরে জানতে পারেন, নাসির গাজীর নেতৃত্বে ইমরান, জনি, রাসেল মৃধা, আবুল মৃধা, রিফায়েত মৃধা, রাতুলসহ ১২ থেকে ১৩ জন তাঁদের ঘরে প্রবেশ করে তাঁর স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানি করেন।
এ সময় ঘরে থাকা স্বর্ণের চেইন, অন্যান্য মালামাল এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন বশির গাজী।
তিনি আরও অভিযোগ করেন, বাজার থেকে বাড়ি ফেরার পথে গরু ব্যবসায়ী মোশাররফ মৃধা ঘটনার খবর পেয়ে সেখানে গেলে তাঁকেও মারধর করা হয়। এ সময় মোশাররফ মৃধার সঙ্গে ওই নারীর পরকীয়া সম্পর্ক রয়েছে বলে অপপ্রচার চালানো হয় এবং গরু বিক্রির টাকা থেকে নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)