এবার মালদ্বীপের রাষ্ট্রপতির জন্য বাংলাদেশ প্রধানমন্ত্রীর আম উপহার।

0
63

মোঃ ওমর ফারুক অনিক,মালদ্বীপ প্রতিনিধি:

প্রতিবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমের মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের আম উপহার দিয়ে থাকেন, এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি মালদ্বীপ-বাংলাদেশ বন্ধুত্বের নিদর্শন স্বরূপ হিসেবে দ্বীপ রাষ্ট্রের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহকে উপহার হিসেবে ৭০০ কেজি প্রসিদ্ধ আম পাঠিয়েছেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (২৩ জুন ২০২২) মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এম্বাসেডর এট লার্জ জনাব আহমেদ সালিম এর নিকট উক্ত উপহার হস্তান্তর করেন। এ সময় এম্বাসেডর এট লার্জ ও মালদ্বীপের চিফ অব প্রটোকল তার প্রেসিডেন্টের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই শুভেচ্ছা উপহার পাঠানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহারের আম মালদ্বীপের রাষ্ট্রপতিকে অভিভূত করেছে বলে মন্তব্য করেন এম্বাসেডর এট লার্জ। তিনি বলেন, এই উপহার মালদ্বীপের রাষ্ট্রপতিকে গত বছরের মার্চ মাসে ঢাকা সফরের সময় শেখ হাসিনার উদাত্ত আতিথেয়তার কথা মনে করিয়ে দিয়েছেন। উপহার হস্তান্তর কালে, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব জনাব মোঃ সোহেল পারভেজ ও মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-মহাসচিব মিজ ফাতিমাত ঘিনা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে সুস্বাদু আম উপহারের ধারাবাহিকতা বজায় রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার বেড়েছে পরিসর। শুধু প্রতিবেশী রাষ্ট্র ভারত নয়, বিভিন্ন দেশের রাজা-বাদশাহ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে তিনি পাঠিয়েছেন ফলের রাজা আম।


এবার মালদ্বীপের রাষ্ট্রপতির জন্য বাংলাদেশ প্রধানমন্ত্রীর আম উপহার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here