
মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ
জনপ্রিয় অভিনেত্রী গৌরীপুরের কৃতিসন্তান জ্যোতিকা পাল জ্যোতি অভিনয় থেকে এবার প্রযোজনায়। “লারা” নামে একটি সিনেমা প্রযোজনা করছেন তিনি। ২০২২-২৩ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদানও পেয়েছেন সিনেমাটির জন্য। সিনেমাটির বাজেট ধরা হয়েছে তিন কোটি টাকা।
১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর উড্ডীয়মান এয়ার পারাবতের একটি বিমানে আগুন লেগে ঢাকার পোস্তগোলায় বিধ্বস্ত হয়। সেই দুর্ঘটনায় প্রাণ হারান দেশের প্রথম নারী বৈমানিক ফারিয়া লারা। সেই বিমান বিধ্বস্তের ঘটনায় জ্যোতিকা জ্যোতির “লারা” ছবির বিষয়বস্তু। শেখর দাস এর পরিচালনায় সিনেমাটি নির্মাণ করা হবে দুর্ঘটনায় নিহত নারী পাইলট লারাকে নিয়ে লেখা উপন্যাস “লারা” অবলম্বনে। ফারিয়া লারার মা তথা প্রখ্যাত উপন্যাসিক সেলিনা হোসেন “লারা” উপন্যাসটি লিখেছেন। সিনেমাটি নির্মাণের জন্য এরইমধ্যে লেখিকার কাছ থেকে অনুমতি নিয়েছেন অভিনেত্রী নয়া প্রযোজক জ্যোতিকা জ্যোতি।
অভিনেত্রী বলেন,”সেলিনা হোসেন ফারিয়া লারাকে নিয়ে “লারা” নামে একটি উপন্যাস লিখেছেন। সেই উপন্যাস এবং লারার বৈচিত্র্যময় জীবনের গল্প থেকে উৎসাহিত হয়ে আমার প্রযোজনা প্রতিষ্ঠান “রে হাউজ” থেকে “লারা” নামে একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছি।”
এই অভিনেত্রী আরো বলেন, “সিনেমার চিত্রনাট্য লেখা হচ্ছে। বই থেকে সিনেমাটি তৈরি হলেও আরো গবেষণা করতে হবে। অনুদানের জন্য প্রাথমিক চিত্রনাট্য জমা দেয়া হয়েছিল। চিত্রনাট্য সম্পন্ন হলে ” লারা” চরিত্রের অভিনেত্রীর নাম ঘোষণা করা হবে। ছবিতে লারার মা সেলিনা হোসেনের চরিত্রটিও গুরুত্বপূর্ণ। দুটি চরিত্রেই মানানসই অভিনেত্রী নেয়া হবে। আমি নিজেও করতে পারি যেকোনো একটি চরিত্র। নিজের ছবি বলে নয়, ভালো চরিত্রের খোঁজে কে না থাকে। এ বছরই শুটিং শুরু করার ইচ্ছা। ”
ছবির বিশাল বাজেটের ব্যাপারে জ্যোতি বলেন, “আমাকে আরো প্রযোজক খুঁজতে হবে। বড় আয়োজনের ছবি এটি। একজন নারী পাইলটের স্ট্রাগল। লারার মতো ডায়নামিক নারীর যে লাইফস্টাইল, সেটা নিয়ে ছবি তৈরী করতে এমন বাজেটের বিকল্প নেই। বাণিজ্যিকভাবে সফল হওয়ার লক্ষ্যেই ছবিটি নির্মাণ করব।”





