লৌহজংয়ে পালকিতে চড়ে ভোটকেন্দ্রে ১০৩ বছরের বৃদ্ধা চাঁন বানু

0
4

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ​মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে লৌহজং উপজেলায় ১০৩ বছর বয়সী বৃদ্ধা চাঁন বানু বার্ধক্যকে জয় করে ভোট দিতে এলেন গ্রামীণ ঐতিহ্যের পালকিতে চড়ে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার হলদিয়া ইউনিয়নে দুপুরে হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পূর্ব শিমুলিয়া গ্রামের একটি ভোটকেন্দ্রে এই বিরল দৃশ্য দেখা যায়।

বার্ধক্যের কারণে হাঁটতে অক্ষম চাঁন বানু তার ভোটাধিকার প্রয়োগের ইচ্ছার কথা পরিবারকে জানান। পরে পরিবারের সদস্যরা প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী পালকি সাজিয়ে তাকে ভোটকেন্দ্রে নিয়ে আসেন। ১০৩ বছর বয়সী এই বৃদ্ধাকে পালকিতে চড়ে আসতে দেখে কেন্দ্রে উপস্থিত অন্যান্য ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল ও উৎসাহ তৈরি হয়।

চাঁন বানুর পারিবারিক ঐতিহ্যও স্থানীয় রাজনীতিতে বেশ পরিচিত। তিনি ওই এলাকার মরহুম রহমান শেখের স্ত্রী। তার এক ছেলে অতীতে উক্ত ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক ও সামাজিকভাবে সচেতন পরিবারের সদস্য হওয়ার কারণেই এই বয়সেও ভোটের প্রতি তার এই গভীর টান বলে মনে করছেন স্থানীয়রা।

ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা জানান, ১০৩ বছর বয়সেও চাঁন বানুর এমন সজাগ উপস্থিতি বর্তমান প্রজন্মের ভোটারদের জন্য এক বড় অনুপ্রেরণা। ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সময় চাঁন বানুর মুখে ছিল তৃপ্তির হাসি।

স্থানীয় ভোটাররা বলছেন, পালকিতে চড়ে ভোট দিতে এসে তিনি যেন এক হারানো ঐতিহ্যকে ফিরিয়ে এনেছেন।


লৌহজংয়ে পালকিতে চড়ে ভোটকেন্দ্রে ১০৩ বছরের বৃদ্ধা চাঁন বানু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here