খুলনায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, আক্রান্ত ২৮৬

0
4

খুলনা জেলা প্রতিনিধি

খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। অন্যদিকে সংক্রমণ অব্যাহত থাকায় হাসপাতালে বাড়ছে রোগীর চাপ।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৮৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ২৪৩ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ৪৩ জন চিকিৎসা নিতে ভর্তি হন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শেখ মো. মোশাররফ হোসেন জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ১১ হাজার ৯১৫ জনে। আক্রান্তদের মধ্যে ১০ হাজার ৪৮৩ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া শারীরিক অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে এ পর্যন্ত ২৯৪ জনকে অন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, খুলনা জেলায় ডেঙ্গুর সংক্রমণের হার সবচেয়ে বেশি। চলতি বছরে শুধু এই জেলাতেই ৪ হাজার ৪৫৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৪৮৯ জন।

স্বাস্থ্য কর্মকর্তা ও চিকিৎসকরা ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার কামড় থেকে বেঁচে থাকা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


খুলনায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, আক্রান্ত ২৮৬

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here