
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালী সদর উপজেলা থেকে ৫ অস্ত্রধারীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ২টি পাইপ গান, ১টি রামদা, ২টি ছুরি, ৩টি বাটন মোবাইল ও ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-সদর উপজেলার ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালাম ওরফে কালন ও তার অনুসারী একই ইউনিয়নের মেহরাজ (৪৬), মো. লিটন (৩২), মো.সাদ্দাম (২৬) ও আবির মিয়া (১৮)।
সোমবার দুপুরে নোয়াখালী সেনাক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, একই দিন ভোরে উপজেলার ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন আগে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কালন তার কয়েকটি অবৈধ আগ্নেয়াস্ত্র অনুসারীদের কাছে রাখতে দিয়েছিলেন। পরে তার অনুসারীরা ওই আগ্নেয়াস্ত্র নিয়ে টিকটক করে অ্যাকাউন্টে ভিডিও পোস্ট দেয়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয়দের নজরে আসে।
ওই সূত্র ধরে যুবদল নেতা কালনের অনুসারী আবির, সাদ্দামসহ কয়েকজনকে যৌথবাহিনী আটক করে। পরে তাদের ভাষ্যমতে যুবদল নেতা কালনকে গ্রেফতার করা হয়।
সদর উপজেলা যুবদলের সভাপতি আবদুর রহিম রিজভী বলেন, তাকে গ্রেফতারের বিষয়টি শুনেছি। এর বেশি কিছু আমার জানা নেই।
নোয়াখালী সেনাক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার জানান, জেলার নিরীহ ছাত্র-জনতার ওপর আক্রমণকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারীদের আটক, অবৈধ মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। এ ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী চরমটুয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে অবৈধ অস্ত্রধারী পাঁচজনকে গ্রেফতার করে সুধারাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।













