এক সপ্তাহের মধ্যে পিয়াজের বাজার স্থিতিশীল হবে : ভোক্তা ডিজি

0
157

অনলাইন ডেস্ক

আগামী এক সপ্তাহের মধ্যে পিয়াজের বাজার স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান।

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন সফিকুজ্জামান।

এ সময় সফিকুজ্জামান বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে পিয়াজের বাজার স্থিতিশীল হবে বলে আশা করা যাচ্ছে। মুড়িকাটা পিয়াজ ইতোমধ্যে বাজারে আসা শুরু করেছে। পিয়াজ মজুতদারদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে। পিয়াজের দাম বাড়ার পেছনে ইতোমধ্যে কিছু মজুতদারকে চিহ্নিত করা হয়েছে এবং এখনো যারা অচিহ্নিত রয়েছে তাদেরও চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, খাতুনগঞ্জ ও শ্যামবাজারে থরে থরে সাজানো পিয়াজ আমাদের অভিযানের পরে কীভাবে উধাও হয়ে গেল? কারা পিয়াজ লুকিয়ে রেখেছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার চেষ্টা চলছে। ইতোমধ্যে দেশের ৫৪টি জেলায় অভিযান পরিচালনা করে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত কিছুদিন আগে হিমাগার থেকে ৬ লাখ ডিম মজুত অবস্থায় পাওয়া গেছে। মাংস ও আলুর বাজারে অস্থিতিশীলতা নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও পিয়াজের বাজার স্থিতিশীল করার লক্ষ্যে সরকার কাজ করছে। ভোক্তা অধিকার সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এতে আরও বক্তব্য রাখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ আসাদুজ্জামান ও ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, উপপরিচালক আতিয়া সুলতানা প্রুমুখ।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ও রানারআপ হওয়ার গৌরব অর্জন করে ইডেন মহিলা কলেজ। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি ও সনদপত্রসহ যথাক্রমে নগদ ২ লাখ ও ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়।


এক সপ্তাহের মধ্যে পিয়াজের বাজার স্থিতিশীল হবে : ভোক্তা ডিজি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here