
শাহ্ আলম মাসুম,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
অতি তীব্র তাপদাহ, সঙ্গে কড়া রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীসহ এ অঞ্চলের সাধারণ মানুষ। অনাবৃ ষ্টিতে নষ্ট হচ্ছে আম, লিচু ও ফসল। তীব্র এই গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যেবাহী কালমেঘ ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করেন এলাকাবাসী।
নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন লাহিড়ী ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল লতিব। তাওবাতুন নাসুহা বা একনিষ্ঠ তাওবার মাধ্যমে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করে ২ রাকাত নফল নামাজ আদায় করা হয়। মোনাজাতে মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দেন এবং তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। নামাজ ও দোয়ায় ছাত্র, যুবকসহ কালমেঘ এলাকার আশপাশের শত শত ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
মাওলানা আব্দুল লতিব বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য তীব্র তাপ্রবাহ বয়ে যাচ্ছে এটা যৌক্তিক একটি কারণ। আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন মালিকের কাছে ধর্ণা দেবো তিনি যেন রহমত বর্ষণ করেন। এজন্য আমরা আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাইছি। রাসুলের সুন্নাহ অনুযায়ী আমরা মাঠে এসেছি, আমাদের অপরাধ স্বীকার করলাম। নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ তায়ালার কৃতজ্ঞতা প্রকাশ করলাম, ক্ষমা চাইলাম। আমরা আশা রাখি আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন এবং তিনি দয়ায় এ পরিবেশকে আবার সুন্দর করে দিবেন।













