
হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপনে
অক্টোবর মাসব্যাপী পালিত কর্মসূচির সফল সমাপ্তি উপলক্ষে ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপ্রাদ্যে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি পৌর শহরের ইন্টারন্যাশনাল স্কুল হলরুমে অক্টোবর মাসব্যাপী পালিত কর্মসূচী সফলভাবে সমাপ্তি উপলক্ষে সাংবাদিক সম্মেলনে নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন নিসচার উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আব্দুর রব, পৃষ্টপোষক তপন চৌধুরী, সহ-সভাপতি মার্জানুল ইসলাম, আব্দুল আজিজ ও সাধারণ সদস্য শাহরিয়ার শাকিল প্রমুখ।
নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে অক্টোবর মাসব্যাপী পালিত কর্মসূচীর কার্যক্রমের তথ্য তুলে ধরেন সাধারণ সম্পাদক আইনুল ইসলাম।
এসময় তিনি তার বক্তব্য বলেন, নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ৩০টি কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য প্রায় সাড়ে ৮ হাজার পথচারী, শিক্ষক, শিক্ষার্থী, উলামা মাশায়েখ, পরিবহন শ্রমিক, শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজা মান্ডপে আগত দর্শনার্থী এবং যাত্রীদের মাঝে গণসচেতনতায় কাজ করার বিষয়টি সংবাদ সম্মেলনে প্রকাশ করেন।
এছাড়াও জাতিসংঘ ঘোষিত ৫টি নির্দেশনা (সিট বেল্ট, গতি, স্ট্যান্ডার্ড হেলমেট, ড্রিংক ড্রাইভিং ও শিশু আসন) নিয়ে সচেতনতামূলক প্রচারাভিযান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ সড়ক চাই শীর্ষক শিক্ষক সমাবেশ, শিক্ষার্থী সমাবেশ, সচেতনতা বিষয়ে উলামা মাশায়েখ সমাবেশ, বিভিন্ন হাট-বাজার ও পৌর শহরে জনসচেতনতামূলক ক্যাম্পেইন, গণপরিবহনে স্টিকার বিলি, বিভিন্ন বাস কাউন্টারে স্টিকার লাগানো, প্রত্যেক পেট্রোলপাম্পে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের তেল বিক্রয় করা থেকে বিরত রাখতে কর্তৃপক্ষের সাথে মতবিনিময়, মোটরসাইকেল বিক্রির সাথে হেলমেট বাধ্যতামূলক করতে শো-রুম মালিকদের সাথে মতবিনিময়, শিক্ষক সমিতির নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা সভা, সিএনজি চালকদের নিয়ে সমাবেশ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জনসচেতনতামূলক ক্যাম্পেইন, জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল করার লক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময়, জেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রের সম্মূখে ট্রাফিক পুলিশের সাথে সড়ক শৃঙ্খলা অভিযান, সড়ক পরিবহন আইন বাস্তবায়নের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, বড়লেখা থানার ওসি’র সাথে সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা বিষয়ে মতবিনিময় সভা, ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, উপজেলা প্রশাসন ও নিসচার যৌথ উদ্যোগে আলোচনা সভা, সড়ক দুর্ঘটনায় নিহতদের কবর জিয়ারত, প্রয়াত জাহানারা কাঞ্চনসহ সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিল এবং আলোচনা সভা, সড়ক পরিবহন আইন নিয়ে সচেতনাতামূলক প্রচারণা, বিভিন্ন হাট-বাজারে ও গণপরিবহনে এবং দেয়ালে পোষ্টার লাগানো, চান্দগ্রাম বাজারে সচেতনতামূলক পথসভা, ব্যানার ফেস্টুন স্থাপন, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন, বৃক্ষরোপণ অভিযান, স্বেচ্ছায় রক্তদানসহ ইত্যাদি নানাবিধ কর্মসূচি পালন করা হয়েছে।
এসময় নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন বলেন, মাসব্যাপী কর্মসূচিতে সারাদেশে ও বিদেশে শাখা সংগঠনগুলো মোট ১১৩৭টি কর্মসূচি পালন করেছে এবং সড়ক পরিবহন আইন ২০১৮ পুরোপুরি কার্যকর এবং যথাযথ বাস্তবায়নের জন্য চুড়ান্ত বিধিমালা জারি করার দাবী জানিয়ে তিনি বলেন, জাতিসংঘ ঘোষিত সড়ক দুর্ঘটনার অন্যতম ৫টি পিলার ১. সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনা ২. নিরাপদ যানবাহন, ৩. নিরাপদ সড়ক ৪. নিরাপদ সড়ক ব্যবহারকারী, ৫. সড়ক দুর্ঘটনায় পরবর্তী করণীয়। সেইসাথে সড়ক দুর্ঘটনার জন্য ৫টি অতি ঝুঁকিপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করা হয় ১. গতি ২. হেলমেট ৩. সিটবেল্ট ৪. মদ্যপ অবস্থায় গাড়ী চালনা ও ৫. শিশু আসন এর উপর গুরুত্ব দিয়ে কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।





