
মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় জহিরুল ইসলাম (৩৫) নামের এক টমটম চালক নিহত হয়েছেন।
রবিবার (২২.১০.২০২৩) সন্ধ্যায় বাউফল সদর উপজেলার গোসিংগা গ্রামের লতিফ হাওলাদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা থেকে দশমিনার উদ্দেশ্যে ছেড়ে আসা বেপরোয়া গতির চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঘটনাস্থল অতিক্রম করার সময় উল্টো দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটম চালক জহিরুল ইসলাম ছিটকে পড়ে গুরুতর আহত হন। দ্রুত তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জহিরুলের মৃত্যু হয়।
নিহত জহিরুল ইসলামের বাড়ি ধূলিয়ার চাঁদকাঠী গ্রামে কিন্তু তিনি থাকতেন গোসিংগা গ্রামে। তিনি চার সন্তানের জনক ও পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন।
বাউফল থানার এসআই ইমরান খান সাংবাদিকদের বলেন, ঘাতক বাসটি আটক করা হলেও ড্রাইভার পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।





