
হানিফ পারভেজ বড়লেখা উপজেলা প্রতিনিধি:
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চাচা। চাচার মৃত্যুর শোক সইতে পারেননি ভাতিজি। তিনিও কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।
হৃদয়স্পর্শী এই ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির কাঠালতলী গ্রামে। চাচা-ভাতিজির মৃত্যুতে পরিবারের পাশাপাশি গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে।
রবিবার (৩০ জানুয়ারি) বাদ যোহর জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সূ্ত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির কাঠালতলী গ্রামের বাসিন্দা হানিফ উদ্দিন (৭০) দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতে মারা যান। এদিকে চাচার মৃত্যুর শোক সইতে পারেননি তাঁর ভাতিজি সুজন আক্তার (৩০)। তিনি চাচার জন্য কাঁদতে কাঁদতে একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাঁকে সাড়ে আটটার দিকে বড়লেখা পৌরশহরের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
দক্ষিণভাগ উত্তর ইউপির চেয়ারম্যান এনাম উদ্দিন চাচা-ভাতিজির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হানিফ উদ্দিন ভালো মানুষ ছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর মৃত্যুর কিছুক্ষণ পরও ভাতিজিও কাঁদতে কাঁদতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।





