পটুয়াখালীতে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

0
13

পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে মসজিদের ভেতরের একটি কক্ষ থেকে মো. সাইম (২০) নামে এক মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ি জামে মসজিদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাইম পাশের সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের ছোট জামুরা গ্রামের মৃত জব্বার মৃধার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক মুসল্লি মসজিদের দরজা খোলা দেখতে পান। পরে তিনি মসজিদের ভেতরে ইমাম ও মুয়াজ্জিনদের থাকার জন্য নির্ধারিত কক্ষে যান। সেখানে খাটের ওপর সাইমকে পড়ে থাকতে দেখেন তিনি। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মুসল্লিরা ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাইমের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, মসজিদের ওই কক্ষে থাকা ফ্যানের হুকের সঙ্গে একটি দড়ি লাগানো অবস্থায় পাওয়া গেছে। একই সঙ্গে সাইমের গলায় দাগও দেখা গেছে। এ ঘটনায় তার মৃত্যুর কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে।

দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাইমের মৃত্যু আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এবং পুলিশি তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


পটুয়াখালীতে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here