
ঢাকা জেলা প্রতিনিধি
রাজধানীর যাত্রাবাড়ীতে মাদক কারবারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে ইমরান (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় জাকারিয়া নামের অপর এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
গত রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর ধলপুর এলাকার বাদল সরদারের গলির একটি রিকশার গ্যারেজে এই গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আহত জাকারিয়া বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ১০টার দিকে ইমরান ও জাকারিয়া ধলপুরের বাদল সরদারের গলির একটি রিকশার গ্যারেজে আড্ডা দিচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে হেলমেট পরিহিত ৬-৭ জনের একদল দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে ইমরানকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছাড়ে।
মাথায় গুলিবিদ্ধ হয়ে ইমরান ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। একই সময় জাকারিয়ার হাঁটু ও ডান হাতের কব্জিতে গুলি লাগে। পরবর্তীতে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই খবর পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে চারটি গুলির খোসা উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু জানান, প্রাথমিক তদন্তে মাদককে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের লক্ষ্যে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।












