চট্টগ্রামে হামে মৃত্যু ৩, আক্রান্ত ৭১৬

0
8

চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। জেলায় এ পর্যন্ত পরীক্ষায় নিশ্চিতভাবে ৭১৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরে ৪৭২ জন এবং জেলার ১৫ উপজেলায় ২৪৪ জন রয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমানের স্বাক্ষরিত হামের সর্বশেষ তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জেলায় এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৯৭৭ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৬ হাজার ৬৪৩ জন এবং ১৫ উপজেলায় ৩৩৪ জন।

হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে এ পর্যন্ত ৬ হাজার ৬৮৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯২ জন। তাদের মধ্যে মহানগরে ২৯০ জন এবং উপজেলায় দুজন রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহানগরে ১০ জন এবং উপজেলায় দুজন। তবে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন তিনজন।

সংক্রমণ শনাক্তে মহানগর এলাকা থেকে এ পর্যন্ত এক হাজার ৬৪৫টি নমুনা পরীক্ষা বা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে জেলার ১৫ উপজেলা থেকে পাঠানো হয়েছে আরও ৩১৫টি নমুনা।

উল্লেখ্য, চট্টগ্রামে চলতি বছরের শুরু থেকেই হাম পরিস্থিতি উদ্বেগ সৃষ্টি করে। সংক্রমণ নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি পরিচালনা করা হলেও নতুন রোগী শনাক্ত অব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে সংক্রমণের বড় অংশই মহানগর এলাকায় কেন্দ্রীভূত।

এদিকে সারাদেশেও হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ৩১ আগস্টের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯৪ জনের পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। চলমান প্রাদুর্ভাবে দেশে নিশ্চিত ও সন্দেহজনক হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৩ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং নির্ধারিত বয়সী সব শিশুর টিকা নিশ্চিত করা জরুরি।


চট্টগ্রামে হামে মৃত্যু ৩, আক্রান্ত ৭১৬

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here