
বরিশাল জেলা প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জে দ্রুতগতির বাসের ধাক্কায় রেহানা বেগম (৪৫) নামে এক মাদ্রাসাশিক্ষিকা নিহত হয়েছেন। দুর্ঘটনার পর নিরাপদ সড়ক ও দায়ী চালকের বিচার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।
মঙ্গলবার সকালে উপজেলার দ্বারিকা-শিকারপুর ব্রিজের ঢালের পশ্চিম পাশে রাকুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহানা বেগম রাকুদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাসির উদ্দিনের স্ত্রী।
স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, সকালে শিকারপুর ব্রিজের ঢাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক পার হচ্ছিলেন রেহানা বেগম। এ সময় ঢাকা থেকে বরিশালগামী লাবিবা কোম্পানির ‘আহনাফ পরিবহন’ নামের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার খবর পেয়ে মাদ্রাসার শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় রেহানা বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রেহানা বেগমের মৃত্যুর খবর মাদ্রাসায় পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিত করা, দুর্ঘটনার জন্য দায়ী চালকের বিচার ও মহাসড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা, হাইওয়ে পুলিশ ও বাবুগঞ্জ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। পরে চালক ও বাস আটকের আশ্বাস দেওয়া হলে এবং লাবিবা কোম্পানির কয়েকটি বাস আটক করা হলে প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনায় আহত নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রেহানা বেগম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।













