রায়েরবাগে মুষলধারে বৃষ্টি: গণপরিবহন সংকটে চরম ভোগান্তিতে যাত্রীরা

0
5

ঢাকা জেলা প্রতিনিধি

রাজধানীর রায়েরবাগ এলাকায় টানা বর্ষণের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারী, শিক্ষার্থী ও কর্মজীবী যাত্রীরা। বৃষ্টিভেজা সকালে গণপরিবহনের তীব্র সংকট এবং ধীরগতির যান চলাচলের কারণে গন্তব্যে পৌঁছাতে গিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

আজ সরেজমিনে রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, সকাল থেকেই আকাশ মেঘলা থাকার পর কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো মুষলধারে বৃষ্টি শুরু হয়। আকস্মিক বৃষ্টির কারণে ছাতা মাথায় কিংবা ভিজে ভিজে পথ চলতে বাধ্য হচ্ছেন পথচারীরা। দীর্ঘ সময় ধরে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত গণপরিবহন। অন্যদিকে রাস্তায় দূরপাল্লা ও লোকাল বাসের সংখ্যা তুলনামূলক কম থাকায় এবং আসা বাসগুলোতে অতিরিক্ত ভিড় থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই অংশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবহন, দূরপাল্লার বাস এবং লোকাল গণপরিবহনগুলো অত্যন্ত ধীরগতিতে চলাচল করছে। এতে করে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। গণপরিবহন সংকটের এই সুযোগে রিকশা ও সিএনজি অটোরিকশা চালকরা ইচ্ছেমতো বাড়তি ভাড়া হাঁকাচ্ছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

ভুক্তভোগী এক যাত্রী আক্ষেপ করে বলেন, “বৃষ্টির কারণে এমনিতেই রাস্তায় বের হওয়া কঠিন, তার ওপর ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাস পাওয়া যাচ্ছে না। দু-একটি বাস আসলেও বাদুড়ঝুলো হয়ে উঠতে হচ্ছে। আর রিকশা বা সিএনজি ভাড়া স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ চাওয়া হচ্ছে।”

বৃষ্টির কারণে মহাসড়কে যানবাহনের গতি কমে যাওয়ায় এবং পর্যাপ্ত গণপরিবহন না থাকায় সংশ্লিষ্ট কতৃপক্ষের দ্রুত সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


রায়েরবাগে মুষলধারে বৃষ্টি: গণপরিবহন সংকটে চরম ভোগান্তিতে যাত্রীরা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here