
গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় আতাউর সরকারের বাড়ীর ভাড়াটিয়া বাসায় সানজিদা আক্তার (২৩) নামের এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায় রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সানজিদা আক্তার বাবরিশালের কোতোয়ালী থানার উলারবাটনা গ্রামের শাহজাহানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের স্বামী জুয়েল রানা ওমান প্রবাসী। গত তিন বছর ধরে আমবাগ এলাকার আতাউর সরকারের বাড়িতে ভাড়া থেকে আসছিলেন নিহত সানজিদা আক্তার।
নিহত সানজিদার ভাবী সাথী বেগম জানান, সকাল ১১ টার সময় এক লোক এসে সানজিদার ছোট ভাই সাজ্জাদের খোঁজ করে। পরে তাকে না পেয়ে, চাকু দিয়ে সানজিদাকে আঘাত করে পালিয়ে যায়।
নিহত সানজিদার ছোট বোন সুরভী আক্তার বলেন, পূর্বে আমাদের পাশের রুমে রাজু নামের এক ছেলে ভাড়া থাকতো। সে আমার বোনের সাথে ফোনে প্রায় সময় কথা বলতো। গত রাতেও আমাদের বাসায় আসছিলো। আজ হঠাৎ করে এসে আমার বোনকে চাকু দিয়ে আঘাত করে খুন করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। পুলিশ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ঘাতক আসামীকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।













