গফরগাঁওয়ে ধর্ষণের ঘটনায় দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি

0
22

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে চরআলগী ইউনিয়নের কালিবাড়ী চরে আলোচিত সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও উপজেলা শাখা।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গফরগাঁও প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা এমদাদুল্লাহর সভাপতিত্বে এবং সমাজকল্যাণ সম্পাদক হাফেজ শরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ উদয়পুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুনিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, মুফতি মনিরুজ্জামান ও যুব মজলিসের দায়িত্বশীল মো. ওয়ালিদ হাসানসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৭ সেপ্টেম্বর চরআলগী ইউনিয়নের কালিবাড়ী চরে এক স্কুলছাত্রকে বেঁধে রেখে অস্ত্রের ভয় দেখিয়ে তার মাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ এবং বসতঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ ওঠে। এমন ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল এবং ভুক্তভোগী পরিবারকে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

পরে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ গফরগাঁও থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মতবিনিময় করেন এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।


গফরগাঁওয়ে ধর্ষণের ঘটনায় দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here