
মো. সাখাওয়াত হোসেন মামুন,পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় ৪০ বোতল ফেনসিডিলসহ মো. জাকির হোসেন মৃদুল (২১) নামে এক যুবককে আটক করেছে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ পরিদর্শক মোহাম্মদ সেন্টু মিয়ার নেতৃত্বে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের সামনে নিয়মিত চেকপোস্ট ডিউটি চলছিল। এ সময় কলমাকান্দা থেকে ঢাকাগামী ‘ক্রাউন ডিলাক্স’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসের যাত্রী জাকির হোসেন মৃদুলের কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
আটক জাকির হোসেন মৃদুল নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বামনগাঁও গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সেন্টু মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪০ বোতল ফেনসিডিলসহ মৃদুলকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।













