রাবিতে হামলা, ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জন শোকজ

0
5

রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। এ ঘটনায় রাবি শাখা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার এবং ছয় নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহসভাপতি পদমর্যাদার মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত তিন নেতা হলেন—রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান এবং ছাত্রনেতা বিশাল চক্রবর্তী।

কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের কারণে আহসান হাবিব ও হাসিব হাসানকে তাঁদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে ছাত্রনেতা বিশাল চক্রবর্তীকে ছাত্রদলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে, একই ঘটনায় রাবি শাখা ছাত্রদলের আরও ছয় নেতাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। তারা হলেন—সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, বুলবুল রহমান, শরিফুল ইসলাম ও ফারুক হোসেন, সহদপ্তর সম্পাদক শাহারিয়ার আলম এবং ছাত্রনেতা সাজু।

কেন্দ্রীয় ছাত্রদলের অপর বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

এ জন্য আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


রাবিতে হামলা, ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জন শোকজ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here