রাউজান চেকপোস্টে অস্ত্র-গুলিসহ যুবক আটক

0
2

চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মাসুদ রানা বাবু (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে রাউজান থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

আটক মাসুদ রানা বাবু রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া এলাকার আহমেদ হোসেনের বাড়ির মো. জাকারিয়া ওরফে কালুর ছেলে।

পুলিশ জানায়, রোববার বিকেল সোয়া ৫টার দিকে রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাছাইয়ের দোকান মোড়ের বটতলা এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় জগন্নাথহাট থেকে ফকিরহাটগামী সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে অটোরিকশাচালক মাসুদ রানা বাবুর হেফাজত থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে অস্ত্র বহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করে পুলিশ।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

এ ঘটনায় রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) জান্নাতুন নাঈম রাজন বাদি হয়ে সোমবার অস্ত্র আইনে মামলা করেছেন। মামলায় লাইসেন্স ছাড়া অবৈধভাবে আগ্নেয়াস্ত্র নিজের হেফাজতে রাখা ও বহনের অভিযোগ আনা হয়েছে।

রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, আটক যুবককে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অস্ত্র উদ্ধার, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে রাউজান থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


রাউজান চেকপোস্টে অস্ত্র-গুলিসহ যুবক আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here