
মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরে এক জার্মান প্রবাসীর ঘরের দেয়াল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শনিবার দুপুরে একজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার মধ্যরাতে সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের মামুন মাতুব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভূক্তভোগীর বাবা দেলোয়ার মাতুব্বর জানান, মধ্যরাতে ১২ থেকে ১৫ জনের একদল দুবৃর্ত্তরা বাড়ির জানালার গ্রীল ও দেয়াল ভেঙ্গে ঘরে প্রবেশ করে। বাড়িতে পুরুষ মানুষ না থাকায় নারীদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্বৃত্তরা। এ সময় আলমারীর ও সোকেস ভেঙ্গে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়। পরে খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ। দুপুরে থানায় অভিযোগ করায় জসিম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে থানা পুলিশ।
এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘটনাটি শোনার পরে আমিসহ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে বিষয়টি ডাকাতি মনে হয়নি। পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে বাড়ীতে হামলা করেছে বলে মনে হচ্ছে। ক্ষতিগ্রস্থ পরিবার থানায় মামলা দিয়েছে, এরই মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।





