
মোঃ শাহানশাহ সোহান,তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
ছয় মাসের কন্যাকে হত্যার অভিযোগে পিতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার রায় কার্যকর করার আদেশ দিয়েছেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আনিছুর রহমান।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সদর উপজেলার শিংরোড পূর্ব জয়ধরডাঙ্গা গ্রামের জয়নুল হকের ছেলে নাজিমুল হক ওরফে নাজিমুল।
আসামির উপস্থিতিতে সোমবার (১৩ মার্চ) দুপুরে এই আদেশ দেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, নাজিমুল ১১ বছর আগে একই উপজেলার নারায়ণপুর গ্রামের রশিদুল ইসলামের মেয়ে রশিদা বেগমকে প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর তিনি রশিদাকে প্রায়ই মারধর করতেন। পরপর তিনটি কন্যাসন্তান জন্ম দিলে অত্যাচারের মাত্রা বেড়ে যায়।
২০১৯ সালের ৩১ মার্চ রাতে রশিদাকে মারধর শুরু করলে দুই কন্যা বাবাকে থামাতে এগিয়ে আসে। তখন নাজিমুল স্ত্রী ও তিন কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যান। প্রতিবেশীরা টের পেয়ে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ছয় মাস বয়সী রত্নাকে মৃত ঘোষণা করেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরদিন নাজিমুলের শ্বশুর রশিদার বাবা রশিদুল ইসলাম বাদী হয়ে নাজিমুল ইসলামসহ তার বাবা জয়নুল হক ও মা নাসিমা খাতুনের নামে হত্যামামলা করেন।
তদন্ত শেষে পঞ্চগড় থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন ২০২০ সালের ৩১ অক্টোবর আদালতে দুজনকে অব্যাহতি দিয়ে নাজিমুল হকের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে উপরোক্ত রায় দেন।
আসামিপক্ষে অ্যাডভোকেট আহসান হাবীব এবং রাষ্ট্রপক্ষে অতিরিক্ত সরকারি কৌঁসুলি জাহাঙ্গীর আলম মামলাটি পরিচালনা করেন।





