
মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। রবিবার সকাল ১০ টায় তিনি হাসপাতালে গমন করে প্যাথলজি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকিম বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ।
এজন্য তিনি তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রাংশ প্রদান করেছেন এবং সেই সাথে পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাব এসিস্ট্যান্টসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা উপজেলার বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য সেবার মান সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, এখন হাসপাতালে সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে। আগে পরীক্ষা-নিরীক্ষার জন্য আমাদেরকে সাতক্ষীরা অথবা খুলনায় যেতে হতো এবং অনেক টাকা খরচ হতো আর এখন সেই পরীক্ষা-নিরীক্ষা এই হাসপাতালে অতি অল্প খরচে হয়ে যাচ্ছে। ফলে এক দিকে যেমন টাকা কম লাগছে তেমনি অন্যদিকে ভোগান্তিও কম হচ্ছে। এজন্য তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এসময় উপজেলা চেয়ারম্যান আরও বলেন, আপনারা যেভাবে স্বাস্থ্য সেবা পেয়ে যাচ্ছেন ভবিষ্যতে আরো উন্নত স্বাস্থ্যসেবা এবং উন্নত জীবন যাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করার আহ্বান জানান। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।





