বকশিশের টাকা ভাগাভাগির দ্বন্দ্বে সহকর্মীকে খুন, ঘাতক গ্রেফতার

0
85

কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লা সদর দক্ষিণে বকশিশের ১০০ টাকা ভাগাভাগির দ্বন্দ্বে দুই সেকেন্ডে তিনবার ছুরিকাঘাত করে সহকর্মীকে খুন করেছিল রাব্বি হোসেন (২২)। ঘটনার দু’দিন পর ঘাতককে গ্রেফতার করেছে র‌্যাব।

রাব্বি উপজেলার কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। শুক্রবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন। উপজেলার বেলতলী বাজার সংলগ্ন এসকে পেট্রোল পাম্পে বুধবার (১০ মে) এই ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মারুফ (১৭)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের হাড়াতলী ঘোষগাঁও গ্রামের মৃত হাফিজের ছেলে। মেজর সাকিব জানান, মারুফকে খুন করে রাব্বি প্রথমে ফেনী তারপর চট্টগ্রামে যায়। সেখান থেকে কুড়িগ্রামে যাওয়ার পথে কুমিল্লাতে গ্রেফতার হয়।

এদিকে ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ফুটেজে দেখা যায়, পাম্পের ভেতর একটি টুলে বসে রাব্বি ও তার সঙ্গের দুজন। এসময় মারুফ পানির বোতল থেকে পানি খেতে খেতে রাব্বিকে কিছু বলছিল। পরে রাব্বি উত্তেজিত হয়ে যায়। সবুজ রঙের টি-শার্ট পরা মারুফ ও নীল রঙের টি-শার্ট পরা রাব্বির মাঝে কথা-কাটাকাটি হয়। এসময় মারুফ পাশে ঝোলানো একটি ছাতা হাতে নিয়ে তাকে ধমক দেয়। পরে রাব্বি স্বাভাবিকভাবে হেঁটে পাম্পের ভেতরে একটি কক্ষে গিয়ে ফল কাটার ছুরি আনে। ধীরে ধীরে হেঁটে যায় মারুফের সামনে। সামনে গিয়ে মারুফের বুকে মাত্র দুই সেকেন্ডে তিনবার ছুরিকাঘাত করে। পরপর আঘাতে মারুফ লাফিয়ে উঠে অন্যত্র চলে গেলেও সে আর দাঁড়িয়ে থাকতে পারেনি। রক্তক্ষরণে পাম্পেই মারা যায় সে। এদিকে ঘটনার পরে রাব্বি ঘটনাস্থল ত্যাগ করে।


বকশিশের টাকা ভাগাভাগির দ্বন্দ্বে সহকর্মীকে খুন, ঘাতক গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here