
মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো মুঠোফোন বিক্রেতার। শনিবার সকালে উপজেলার দুর্গাপুর এলাকায় রেলক্রসিংয়ে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারা যান।
নিহত মুঠোফোন বিক্রেতার নাম বাসুদেব সুর (৬০)। তিনি খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের বিজয়কৃষ্ণ সুরের ছেলে। অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে তাঁর একটি মুঠোফোন বিক্রির দোকান আছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, আজ সকালে বাসুদেব সুর মোটরসাইকেলে করে ডাক্তার দেখাতে নওয়াপাড়ায় যাচ্ছিলেন। সকাল সাতটা ২০ মিনিটের দিকে তিনি অভয়নগর উপজেলার দুর্গাপুর এলাকায় রেলক্রসিংয়ে পৌঁছান। রেলক্রসিংয়ে কোনো গেট এবং গেটম্যান না থাকায় তিনি মোটরসাইকেল নিয়ে রেললাইনের ওপর উঠে পড়েন। এ সময় মোটর সাইকেলের সঙ্গে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সকাল সাড়ে সাতটার দিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক এ সময় তাঁকে মৃত ঘোষণা করেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মাহফুজুর রহমান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই বাসুদেব সুরের মৃত্যু হয়েছে।
নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার অনুপ কুমার মণ্ডল বলেন, উপজেলার দুর্গাপুর এলাকায় রেলক্রসিংটি অবৈধ। রেলক্রসিংয়ে কোনো গেট ও গেটম্যান নেই। আজ সকালে দুর্গাপুর এলাকায় রেলক্রসিংয়ে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছেন।
যশোর রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোল্যা মিজানুর রহমান বলেন, মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালক বাসুদেব সুর মারা গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।












