গেটাফের জালে ‘এক হালি’ গোল, বার্সার দুর্দান্ত জয়

0
231

অনলাইন ডেস্ক

স্প্যানিশ লা লিগায় জয়ের দেখা পেল বার্সেলোনা। ঘরের মাঠে গেটাফের বিপক্ষে ৪-০ গোলের জয় তুলে নিয়েছে জাভি হার্নান্দেজের দলের।  কাতালানদের হয়ে গোল করেছেন রাফিনহা, জোয়াও ফেলিক্স, ফ্রেংকি ডি ইয়াং ও ফেরমিন লোপেজ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যেতে পারতো বার্সেলোনা। তবে ইলকাই গুনডোয়ানের কর্নারে বল লক্ষ‍্যে রাখতে পারেননি রাফিনহা। এর ঠিক ১২ মিনিট পর ২০তম মিনিটের মাথায় সেই রাফিনহার পা থেকেই এগিয়ে যায় গেলবারের শিরোপাধারীরা।

নিজেদের অর্ধ থেকে জুল কুন্দের বাড়ানো বল ধরে দারুণ গতিতে এগিয়ে যান রাফিনহা। পাশেই সমান তালে এগিয়ে সুবিধাজনক জায়গায় চলে যান জোয়াও ফেলিক্স। দুই ফরোয়ার্ডের ওয়ান টু ওয়ানে ধাঁধায় পড়ে যান গেটাফে গোলরক্ষক। এই সুযোগে দারুণ শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা।

৩৬তম মিনিটে গোলের চমৎকার সুযোগ হাতছাড়া করেন ফেলিক্স। পর্তুগিজ ফরোয়ার্ডের শট দারুণ রিফ্লেক্সে পা দিয়ে ঠেকান গেটাফে গোলরক্ষক। তাতে প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই জালের দেখা পেয়ে যান ফেলিক্স। ৫৩তম মিনিটে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের চমৎকার ক্রসে আলতো টোকায় ব‍্যবধান দ্বিগুণ করেন তিনি। ৬১তম মিনিটে রাফিনহার সহায়তায় স্কোর লাইন ৩-০ করে ফেলেন ডি ইয়াং।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ‘এক হালি’ গোল নিশ্চিত করেন লোপেজ। ডি ইয়াং থ্রু পাস বাড়ালেও বক্সের ঠিক বাইরে থেকে ভিটোর রোকের শট কোনোমতে ফেরান গোলরক্ষক। আলগা বল চলে যায় বিপরীত দিকে থাকা লোপেজের পায়ে; অনায়াসে বাকি স্কোর লাইন ৪-০ করেন লোপেজ।

এই জয়ে ২৬ ম‍্যাচে ১৭ জয় ও ছয় ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। ২৫ ম‍্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে জিরোনা। সমান ম‍্যাচে ৬২ পয়েন্ট নিয়ে এখনো চূড়ায় রিয়াল মাদ্রিদ।


গেটাফের জালে ‘এক হালি’ গোল, বার্সার দুর্দান্ত জয়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here