কাপাসিয়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ মিলল নদীতে

0
6

গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের দুই দিন পর বায়েজিদ (৫) নামে এক শিশুর লাশ ব্রহ্মপুত্র নদী থেকে উদ্ধার করা হয়েছে। বায়েজিদ কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

শনিবার সকাল ৬টার দিকে শিশুটির বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে ব্রহ্মপুত্র নদীতে ভাসমান অবস্থায় স্থানীয় লোকজন শিশুটির লাশ দেখতে পান। পরে খবর পেয়ে কাপাসিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে খেলতে গিয়ে নিখোঁজ হয় বায়েজিদ নামের শিশুটি। এরপর সে আর বাড়ি ফিরেনি। তারপর দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও সন্ধান মেলেনি তার। আত্মীয়-স্বজনের বাড়িসহ আশপাশের সকল জায়গায় দীর্ঘ খোঁজাখুঁজির পরেও বায়েজিদের সন্ধান না পেয়ে কাপাসিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা যায়, শ্রীপুরের মাস্টারবাড়ি এলাকার একটি তৈরি পোশাক কারখানায় চাকরির সুবাদে বায়েজিদের মা-বাবা দুজনেই সেখানে থাকেন। আর পাঁচ বছরের বায়েজিদ থাকতো চরবাঘুয়া এলাকার দাদা-দাদীর সঙ্গে।

কাপাসিয়া থানার এসআই নাজমুল হাসান জানান, শনিবার সকালে চরবাঘুয়া এলাকায় একটি শিশুর মরদেহ পুরাতন ব্রহ্মপুত্র নদীতে ভেসে উঠার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি নদীতে গোসল করতে নেমে অসাবধানতাবশত ডুবে মারা গেছে। উদ্ধার করা শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শিশুটির পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।


কাপাসিয়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ মিলল নদীতে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here